৪০ হাজার পরিবার পাবে দীর্ঘমেয়াদি আবাসন ঋণ, অগ্রাধিকার নারীদের।
বাংলাদেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিত করতে ১০ কোটি মার্কিন ডলারের ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
এডিবির অনুমোদিত (Inclusive Affordable Housing Finance Project) এর আওতায় এই অর্থের মাধ্যমে দেশের বিভিন্ন পরিবারের বাড়ি নির্মাণ, মেরামত ও উন্নয়নে দীর্ঘমেয়াদি ঋণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। ঋণ বিতরণ করা হবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং অনুমোদিত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে।
এ প্রকল্পের আওতায় ২০৩১ সালের মধ্যে অন্তত ৪০ হাজার পরিবারকে আবাসন ঋণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অন্তত ৩২ হাজার নারী এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী অন্তত ২৪ হাজার ঋণগ্রহীতা সুবিধা পাবেন বলে জানিয়েছে এডিবি।
বিশেষ করে যেসব পরিবারের আয় অনানুষ্ঠানিক খাত থেকে আসে এবং প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় জামানত বা প্রয়োজনীয় কাগজপত্রের কারণে আবাসন ঋণ পাওয়া কঠিন, তাদের জন্য এই প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রকল্পে শুধু বাড়ি নির্মাণ নয়, বন্যা, ঘূর্ণিঝড়, অতিরিক্ত তাপ ও অন্যান্য জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলায় সক্ষম বাড়ি নির্মাণের নকশা ও নির্মাণব্যবস্থার ওপরও গুরুত্ব দেওয়া হবে।
এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং বলেন, নিরাপদ আবাসন মানুষের মর্যাদা, সুযোগ ও দুর্যোগ মোকাবিলার সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি।
এ প্রকল্পের অর্থায়নের মধ্যে ৪ কোটি ডলার জলবায়ু অভিযোজন অর্থায়ন থেকে আসবে। পাশাপাশি কারিগরি সহায়তার জন্য আরও ৬ লাখ ডলার অনুদান রয়েছে।
সূত্র: এডিবি, BSS, TBS।
Leave a Reply