টঙ্গীতে মাদরাসায় যৌন নিপীড়নের শিকার সেই শিশুর বাবা শাহজালাল রুমি দেশ ছাড়ার খবর প্রকাশ করেছেন। সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে তিনি নিজেই এই তথ্য জানান।
আগামীর সময়ের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এক ক্ষুদে বার্তায় রুমি বলেন, “আমি এই দেশে আর নাই। এগুলা নিয়ে আর ভাবছি না, যা হয় হোক, আপনারা ভালো থাকেন।”
তিনি কোন দেশে অবস্থান করছেন, সে বিষয়ে খুদে বার্তায় কিছু উল্লেখ করেননি।
ওই বার্তায় ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, “একজন আলেম হয়েও তিনি অনেক মিথ্যা বলেছেন এবং এখনো বলে যাচ্ছেন।”
এর আগে গত ২১ অক্টোবর টঙ্গীর আউচপাড়া এলাকার ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায় ৭ বছরের এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে।
এ ঘটনার পর মাদরাসার শিক্ষক মো. মোসলেম উদ্দিনকে মারধর করেন ভুক্তভোগী শিশুর পিতা শাহজালাল রুমি।
পরবর্তী সময়ে অভিযুক্ত শিক্ষককে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
ঘটনার পরপরই শাহজালাল রুমি বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় যৌন নিপীড়নের অভিযোগে একটি মামলা দায়ের করেন।
এরপর মাদরাসাটির অধ্যক্ষের পক্ষ থেকে পাল্টা একটি মামলা দায়ের করা হয়, যেখানে ভুক্তভোগী শিশুর বাবাকে ১৭ লাখ টাকা চুরিসহ বিভিন্ন অপরাধের আসামি করা হয়।
এই পাল্টা মামলা দায়েরের পর থেকেই মূলত আড়ালে চলে যান শাহজালাল রুমি। আর আজ দেশ ছাড়ার তথ্য জানালেন।
Leave a Reply